সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
অন্য দুই আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু মুসা আনসারী (৫৬) এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য জানিয়েছেন।
ভাটারা থানা এলাকার বসুন্ধরা এবং ছুলমাইদ এলাকায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে ছানোয়ারসহ আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন রোববার আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত তখন তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ঠিক করেন।
Comments
Post a Comment